জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব
শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : জন্মদাতা মা-বাবার সন্ধানে নেদারল্যান্ডস থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্যারাকান্দি গ্রামে এসেছেন হ্যারল্ড ডেভিড রাজীব। জন্মের তিন বছর বয়সে ১৯৮০ সালে নেদারল্যান্ডসের একটি পরিবার তাঁকে দত্তক নেয়। এরপর কেটে গেছে দীর্ঘ সময়।
রাজীব জানান, ২০১৫ সালে তিনি জানতে পারেন, তাঁর জন্ম বাংলাদেশে। এরপর জন্মদাতা পরিবারের খোঁজে বাংলাদেশে এলেও সন্ধান পাননি। গত ১২ নভেম্বর আবারও বাংলাদেশে আসেন তিনি। জন্মস্থানের ঠিকানা ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় নিজের শৈশব ও বর্তমান সময়ের ছবি সংবলিত লিফলেট বিতরণ করেন। পরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সহযোগিতা চান।
রাজীব বলেন, “নেদারল্যান্ডসে ভালো আছি। কিন্তু হৃদয়ের মধ্যে একটা শূন্যতা কাজ করে। প্রতিদিন মনে হয়, আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করি। যত দিন মা-বাবাকে খুঁজে না পাব, তত দিন চেষ্টা চালিয়ে যাব।”
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, প্যারাকান্দি গ্রামে রাজীবের পরিবারের সন্ধানে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর চেহারার মিল পাওয়া গেছে বলে জানা গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে। তবে এখনো তাঁর পরিচয় শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।











