শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।
মামলার দুই দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। এর আগে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে স্বপ্নাকে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২৫ মে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
গত ৭ জুন মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়। জরিমানার অর্থ শিশুটির আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।
পরবর্তী সময়ে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত দুই আসামিও কারাগার থেকে আপিল করেন। বর্তমানে এসব আবেদনের শুনানি চলছে।











