পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে প্রতিটি ধাপে কতটি ইউনিয়নে ভোট হবে, তার প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার প্রায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ১৩টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচন কমিশনার জানান, আইনি জটিলতা বা অন্যান্য কারণে কোনো ইউনিয়নে ভোট পেছালে তা পরবর্তী ধাপে সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে নির্দিষ্ট ইউনিয়নের তথ্য জানা যাবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবে কমিশন। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এই আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইসি সানাউল্লাহ আরও জানান, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করবেন।











