বিজয় দিবসে দেশজুড়ে কঠোর নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ২০২৬ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।
সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসের সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি অতিথি ও সাধারণ মানুষের যাতায়াত এবং শ্রদ্ধা নিবেদনের সময় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ লক্ষ্যে স্মৃতিসৌধ ও আশপাশের প্রবেশপথে সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বাড়তি নিরাপত্তা থাকবে।
দিবসটি উপলক্ষে ঢাকা থেকে সাভার পর্যন্ত সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হবে।
সভায় পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











