হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত বা উপসর্গ থাকা ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ৫২৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে পরীক্ষার মাধ্যমে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৪১৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।
এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।











