মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন
অনলাইন ডেস্ক : চট্টগ্রামে আটক হওয়ার পর আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া আইনজীবী এম কামাল উদ্দিন। মুক্তির পর তিনি সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে হেফাজতে নেওয়া হয়।
শনিবার বিকেলে চট্টগ্রামের আদালতে হাজির করার পর জরিমানা দিয়ে মুক্তি পান তিনি।
মুক্তির পর কামাল উদ্দিন বলেন, সরকার ও প্রশাসনের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তারেক রহমানের জন্য দোয়া করে তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান যেন সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান, তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলেও সন্দেহজনক চলাফেরার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, এম কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। নিজেকে ওই সংগঠনের সভাপতি দাবি করে দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন কামাল উদ্দিন।











