স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা
অনলাইন ডেস্ক : দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কার বিক্রির মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।











