ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন
অনলাইন ডেস্ক : বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে অলাভজনক সংস্থা ‘ওয়াটার ডট ওআরজি’ প্রতিষ্ঠা করেছিলেন হলিউড অভিনেতা ও অস্কারজয়ী তারকা ম্যাট ডেমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।
মার্কিন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টেড ঝারের ‘হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং?’ ভিডিও সিরিজে অংশ নিয়ে সংস্থাটির কার্যক্রম ও প্রতিষ্ঠার পেছনের গল্প তুলে ধরেন ম্যাট ডেমন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে টেড ঝার ম্যাট ডেমনের কাছে তাঁর পেশা সম্পর্কে জানতে চান। জবাবে অভিনেতা হাসিমুখে ‘ওয়াটার ডট ওআরজি’র কথা তুলে ধরেন। তিনি জানান, উন্নয়নশীল দেশের মানুষের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য।
ম্যাট ডেমন বলেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে মানুষকে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা পাওয়ার সুযোগ করে দেয় তাঁদের সংগঠন। এ পদ্ধতির সঙ্গে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগের মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অভিনেতার ভাষায়, বহু বছর আগে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ইউনূস যে ক্ষুদ্রঋণ ব্যবস্থা গড়ে তুলেছিলেন, তাঁদের সংস্থাও সেই ধারণা কাজে লাগাচ্ছে। এ কাজের স্বীকৃতিস্বরূপ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি।
ম্যাট ডেমন জানান, এখন পর্যন্ত তাঁদের সংস্থা ২১ মিলিয়নের বেশি ক্ষুদ্রঋণ দিয়েছে, যার আর্থিক মূল্য ৮ বিলিয়ন ডলারেরও বেশি। এসব ঋণের সহায়তায় পরিবারগুলো নিজেদের বাড়িতে বিশুদ্ধ পানির উৎস ও নিরাপদ পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে পারছে। সংস্থাটির দাবি, তাদের উদ্যোগে বিশ্বের প্রায় ৯ কোটি ৫০ লাখ মানুষ পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় এসেছে।
বর্তমানে কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, ব্রাজিল ও মেক্সিকোসহ ১৫টির বেশি দেশে কাজ করছে ‘ওয়াটার ডট ওআরজি’। এর মাধ্যমে ক্ষুদ্রঋণ যে শুধু আর্থিক সক্ষমতা বাড়ানোর উপায় নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণেও ভূমিকা রাখতে পারে, তা তুলে ধরছে সংস্থাটি।
উল্লেখ্য, ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও তৃণমূল পর্যায়ে সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
২০০৯ সালে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধাবঞ্চিত মানুষের কাছে এসব সেবা পৌঁছে দিতে গ্যারি হোয়াইটের সঙ্গে ‘ওয়াটার ডট ওআরজি’ প্রতিষ্ঠা করেন ম্যাট ডেমন।











