৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর
বিনোদন ডেস্ক : মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী নিকোল টেলর। স্তন ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। জনপ্রিয় সংগীতদল ‘টেলর রেড’-এর অন্যতম এই সদস্যের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে গত ২ নভেম্বর।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিকোলের যমজ দুই বোন নিকা ও নাটালি টেলর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাঁরাও সংগীতদলটির সদস্য।
২০২২ সালে নিকোলের শরীরে আক্রমণাত্মক স্তন ক্যানসার শনাক্ত হয়। তখন রোগটি ছিল তৃতীয় পর্যায়ে। চিকিৎসার পাশাপাশি কেমোথেরাপি ও নিয়মিত শরীরচর্চা চালিয়ে যান তিনি। একপর্যায়ে চিকিৎসায় সাড়া পাওয়ায় তাঁর শরীরে ক্যানসারের উপস্থিতি নেই বলে জানানো হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে রোগটি আবার ফিরে আসে এবং চতুর্থ পর্যায়ে পৌঁছায়।
নিকোলের বোনেরা জানান, ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মাত্র তিন মাস বেঁচে থাকার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে সেই সময়সীমা পেরিয়ে প্রায় এক বছর বেঁচে ছিলেন তিনি। অসুস্থতার মধ্যেও ভ্রমণ, কাজ ও শরীরচর্চা চালিয়ে গেছেন। শেষ দিন পর্যন্ত জীবন উপভোগের চেষ্টা করেছেন।
ভিডিও বার্তায় নিকা ও নাটালি বলেন, বোনের মৃত্যুর খবর জানাতে গিয়ে তাঁরা গভীরভাবে মর্মাহত। তাঁদের আশা ছিল, নিকোল সুস্থ হয়ে নিজেই তাঁর অসুস্থতা ও লড়াইয়ের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন। কিন্তু সেই সুযোগ আর হলো না। পরিবারের পক্ষ থেকে তাঁর শেষকৃত্য ব্যক্তিগতভাবে সম্পন্ন করা হয়েছে।
১৯৯১ সালের ১৮ মার্চ জন্ম নেওয়া নিকোল ২০১০ সালে যমজ দুই বোনের সঙ্গে সংগীতদল গঠন করেন। শুরুতে দলটির নাম ছিল ‘রেড রুটস’। ২০১১ সালে প্রকাশিত হয় তাঁদের প্রথম অ্যালবাম। পরে ‘দ্য মিডল অব নোহোয়ার’ ও ‘ট্রিপলিসিটি’ নামে আরও দুটি অ্যালবাম প্রকাশ করেন তাঁরা। ২০১৮ সালে দলটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘টেলর রেড’।
কান্ট্রি সংগীতের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয়তা অর্জন করে দলটি। ইউটিউবে তাদের চ্যানেলের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ২০২১ সালে প্রকাশিত ‘কান্ট্রি মানি’ গানটি দলটির পরিচিতি আরও বাড়িয়ে দেয়।
নিকোলকে স্মরণ করে তাঁর বোনেরা বলেন, তিনি শুধু তাঁদের সংগীতসঙ্গী ছিলেন না, ছিলেন নেতা ও সবচেয়ে কাছের বন্ধু। তাঁদের ভাষায়, নিকোল ছিলেন সাহসী, দৃঢ়চেতা ও আশাবাদী একজন মানুষ। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।











