রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘদিনের সংকট নিরসনে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংকটের কারণে দেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি চীনের প্রতিনিধির কাছে তুলে ধরেছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের প্রতি শুভেচ্ছা জানান।

বৈঠকে লিউ হাইশিং বলেন, প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে একটি নতুন যৌথ ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণার ভিত্তিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার প্রত্যাশা করছে বেইজিং।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের সমর্থন অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রতি চীনের সহযোগিতার প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসেনি। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে দুই দেশের মানুষের মধ্যে এই সম্পর্কের বিশেষ গুরুত্ব রয়েছে। ঐতিহাসিক বন্ধুত্বের ধারাবাহিকতা রক্ষা করে আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া সবার দায়িত্ব।

তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের উদ্যোগ ও অংশগ্রহণে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। পরবর্তী সময়ে এ কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দেশের কৃষি খাতের উন্নয়নে ভূমিকা রাখে।

তিনি জানান, বর্তমান সরকারও ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও এটি সহায়ক হবে।

বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক জোরদারে আলোচনা

বৈঠকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ এবং সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

লিউ হাইশিং দুই দলের সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমুখী করার বিষয়ে চীনের আগ্রহের কথা জানান। এ সময় বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। একই সঙ্গে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রতি চীনের সমর্থনের কথা তুলে ধরেন লিউ হাইশিং।

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা প্রত্যাশা বাংলাদেশের

বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরেন। তিনি জানান, প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থানের কারণে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক কাঠামো, জনমিতি ও পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।

এ বিষয়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে চীনের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

জবাবে লিউ হাইশিং বলেন, রোহিঙ্গা সংকট সম্পর্কে চীন অবগত রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগ ও বক্তব্য তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পৌঁছে দেবেন।

বৈঠকে চীনের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

চীনা প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের রায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা