‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান
অনলাইন ডেস্ক : পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা শ্রমিকের ছদ্মবেশে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি গণমাধ্যমের নিউজকার্ড শেয়ার করে দেওয়া ক্যাপশনে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খান লেখেন, ‘হেলমেট পরে শ্রমিক নেমেছে? বডি ফিটনেস, ড্রেসআপ দেখে মনে হয় এরা শ্রমিক? শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ।’
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা।
এদিকে, গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তৌফিকের মৃত্যুর ঘটনায় রাশেদ খান বলেন, কোনো সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না।











