বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে রাতের আঁধারে সার্চলাইট বন্ধ করে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকায় ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা হঠাৎ সার্চলাইট নিভিয়ে দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা দ্রুত একে অপরকে খবর দেন এবং দলবদ্ধ হয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। এ সময় সীমান্তের কাছে বিএসএফ সদস্যদের টর্চলাইট জ্বালানোর চেষ্টা এবং কয়েকজনকে ছোটাছুটি করতে দেখা যায়।
স্থানীয়দের সম্মিলিত প্রতিবাদের মুখে কিছুক্ষণ পর বিএসএফ সদস্যরা আবার সার্চলাইট জ্বালান। এতে তাদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয় বলে দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে ভারতে বসবাসরত বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ’ আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা বেড়েছে। এ ধরনের তৎপরতায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন।
এদিকে বিজিবি সূত্র জানিয়েছে, জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় দিন-রাত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী পরিচালক লে. কর্নেল কারিমুল ইসলাম জানান, সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিএসএফের যেকোনো ধরনের পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বিজিবি প্রস্তুত রয়েছে।











