মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) মিরপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত ক্রাইম অ্যান্ড প্রিভেনশন, উত্তর) মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা সড়কে নামতে পারেননি। অনেক কারখানার শ্রমিক কাজে ফিরেছেন এবং সেখানে উৎপাদন কার্যক্রম চলছে।
মহিদুল ইসলাম জানান, মিরপুর-১, পল্লবী, রূপনগর, মিরপুর-১২ ও কাফরুলসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে।
তিনি আরও বলেন, সব বাহিনীর মধ্যে সমন্বয় রয়েছে। সমন্বিত কার্যক্রমের মাধ্যমে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করেছে, তাদের প্রতিহত করা হয়েছে।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এ জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও কাজ চলছে।
তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা পুলিশের দায়িত্ব। অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











