দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’
অনলাইন ডেস্ক : নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব, প্রেম ও তারুণ্যের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘চিরকুট’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর)। দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমাটির গল্পের সূত্রপাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নব্বইয়ের দশকে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে। সেই সময়ের ক্যাম্পাসজীবন, তরুণদের আবেগ, বন্ধুত্ব ও ভালোবাসার স্মৃতি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা মুনতাসির আকিব।
ফিল্ম ম্যানিয়া প্রযোজিত সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। নির্মাতার প্রত্যাশা, ছবিটি দেখতে গিয়ে দর্শকেরা শুধু একটি ঘটনা জানবেন না, বরং নব্বইয়ের দশকের ক্যাম্পাসজীবনের আবহও অনুভব করতে পারবেন।
‘চিরকুট’ সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ অনেকে।
পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি ছবিটিতে অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী অভিনয় করেছেন। তাঁদের অংশগ্রহণের মাধ্যমে তৎকালীন ক্যাম্পাসের পরিবেশ ও শিক্ষার্থীদের জীবনধারা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সিনেমাটির টিজার, ট্রেলার এবং ‘প্রেমে গেলাম ডুবে’ শিরোনামের গান প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক মুনতাসির আকিব।
নির্মাতা জানান, ‘চিরকুট’ একটি বাংলা সিনেমা, যার গল্পের কেন্দ্রে রয়েছে নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সত্য ঘটনা। সেই সময়ের আবেগ ও পরিবেশকে সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
দুর্গাপূজার ছুটিতে দর্শকদের জন্য ‘চিরকুট’ বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এখন সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী ও দর্শকেরা।











