আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক : খুলনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি আহত কর্মকর্তার চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে শাহ আলমের শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় আহত পুলিশ কর্মকর্তাকে সর্বোচ্চ মানের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়েও আহত কর্মকর্তা ও তাঁর পরিবারকে আশ্বস্ত করেন মন্ত্রী। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিন দুর্বৃত্ত তাঁর পথ আটকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজির ওপর গুরুতর আঘাত করে হামলাকারীরা।
পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাঁকে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।











