উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
অনলাইন ডেস্ক : বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ছয়-সাতটি কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকদের অবরোধের কারণে অফিসগামী মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের এই আন্দোলন টানা তৃতীয় দিনের মতো চলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ এবং মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কার্যকর সমাধান পাননি তাঁরা। এ কারণে বাধ্য হয়ে সড়কে নেমেছেন বলে জানান শ্রমিকরা।
এদিকে যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা সড়ক থেকে সরে যাননি।
অবরোধের কারণে উত্তরার বিভিন্ন সড়কে যানজট অব্যাহত থাকায় সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহারের পাশাপাশি চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।











