মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি
অনলাইন ডেস্ক : লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ সালের মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজেদের মাঠ নু স্টেডিয়ামে জয় তুলে নিয়ে টানা তৃতীয় মৌসুমে প্রতিযোগিতার শেষ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচে মায়ামির হয়ে প্রথম গোলটি করেন জার্মান বেরতেরামে। লুইস সুয়ারেজের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন তিনি। চলতি মৌসুমে দীর্ঘ বিরতির পর গোলের দেখা পেলেন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল। বক্সের বাইরে মেসির কাছ থেকে বল পেয়ে শক্তিশালী শটে প্রতিপক্ষের জালে পাঠান তিনি। এই গোলে মেসির অ্যাসিস্ট দলের জয় নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ম্যাচে গোল না পেলেও আক্রমণভাগে সক্রিয় ছিলেন মেসি। চলতি এমএলএস মৌসুমে তার অ্যাসিস্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪-তে। গোল করার ক্ষেত্রেও শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। প্লে-অফে জায়গা নিশ্চিত করায় এখন নিয়মিত মৌসুমের বাকি ম্যাচগুলোতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাবে দলটি।
ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল নিউইয়র্ক সিটি এফসি। কিন্তু নিকোলাস ফার্নান্দেজের নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। ফলে প্রতিপক্ষকে কোনো গোল করতে না দিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচ শেষে কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেস জানান, মৌসুমের শুরু থেকেই প্লে-অফে জায়গা করে নেওয়া দলের অন্যতম লক্ষ্য ছিল। সেই লক্ষ্য পূরণ হলেও খেলোয়াড়দের আরও উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি।
এর আগে গত শনিবার ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল মায়ামি। ওই ম্যাচে মেসি ও সুয়ারেজ দুজনই জোড়া গোল করেন। নিউইয়র্ক সিটির বিপক্ষে জয়টি নতুন কোচ গনসালেসের অধীনে লিগে দলের দ্বিতীয় জয়।
২০২৩ সালে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে প্লে-অফে উঠতে পারেনি দলটি। তবে পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে এখন টানা তৃতীয়বারের মতো শেষ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জিতেছিল মায়ামি। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে দলটি।
আগামী শনিবার অ্যাটলান্টা ইউনাইটেডের মাঠে খেলবে ইন্টার মায়ামি। অন্যদিকে একই দিনে লস অ্যাঞ্জেলেস এফসির মুখোমুখি হবে নিউইয়র্ক সিটি এফসি।











