সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
অনলাইন ডেস্ক : সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনার তদন্ত শেষে সৌদি নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে মামলাটি আদালতে পাঠানো হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মসজিদের পবিত্রতা ও স্থানটির ধর্মীয় মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এ সাজা দেন। পরবর্তী সময়ে রায় বহাল রাখা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় অনুমোদন দেওয়া হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রচলিত আইন কার্যকর করার বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা কিংবা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।











