দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি
অনলাইন ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। পূজার নির্ধারিত দুই দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল।
তবে ওই দিনটিও ছুটির আওতায় আসায় এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন।
এর আগে চলতি বছর দুর্গাপূজায় দুই দিনের সরকারি ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবরের ছুটি অনুমোদনের ফলে পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাচ্ছে।











