মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন খেতাব পাওয়ার চেয়েও বড় অর্জন হলো স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়া। এই গৌরব বীর মুক্তিযোদ্ধাদের অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, লাখো মানুষের আত্মত্যাগ এবং অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জন ও সাফল্য তাঁকে গর্বিত করে। সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে তাঁদের অবদানও বিশেষভাবে স্মরণ করেন তিনি।
বক্তব্যে মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। পরের বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।
তারেক রহমান আরও বলেন, বয়সের ভারে ন্যুব্জ হলেও মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বাধীনতার চেতনা এখনো উজ্জ্বল। প্রতিবছর তাঁদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়ায় সশস্ত্র বাহিনী বিভাগকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অঙ্গীকার করেন, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি স্বাধীন বাংলাদেশকে বিশ্বদরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ জাতীয় আরও খবর