শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে স্বাগত জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে অনুষ্ঠানে আসন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।
আয়োজনের অংশ হিসেবে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারক উপহার বিতরণ এবং স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করা হবে। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
এ ছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি শিশু জাদুঘর ভবনে যাবেন এবং সেখানে নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করবেন।
এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।











