৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা সাময়িক বন্ধ
অনলাইন ডেস্ক :প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এর ফলে এসব ব্যাংকের এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড ও কিছু লেনদেনসেবা সাময়িকভাবে সীমিত হয়েছে।
তবে একসঙ্গে এতগুলো ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রাখার আগে বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়নি। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কিউক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত ব্যাংকগুলোতে গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে এই সীমাবদ্ধতা কার্যকর হয়েছে। ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কিছু সেবা সীমিত থাকতে পারে। তবে মাইগ্রেশনের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে সেবাগুলো তার আগেই স্বাভাবিক হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন চলছে। এ কারণেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কিছু প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ব্যাংকগুলো আগে থেকে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানায়নি।
সেবায় সাময়িক বিঘ্নের তালিকায় রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।
গ্রাহকদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে সাময়িক সেবা সীমিত থাকার বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। জরুরি প্রয়োজনে বিকল্প লেনদেন ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে সব ধরনের কার্ড লেনদেন বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে ব্যাংকগুলো। অন্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং বিকাশ, নগদ ও উপায়ের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেন চালু থাকার কথা রয়েছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রযুক্তি উন্নয়ন ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম আপগ্রেড বা মাইগ্রেশনের সময় সাময়িকভাবে কিছু সেবা বন্ধ রাখা স্বাভাবিক। তবে একই সময়ে ৩০টি ব্যাংকের সেবা সীমিত হওয়ায় গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
বিশেষ করে জরুরি ভিত্তিতে এটিএম থেকে টাকা উত্তোলন, কার্ডে কেনাকাটা, অনলাইন পেমেন্ট বা কিউআর লেনদেনের প্রয়োজন হলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। তাই যাদের নির্দিষ্ট সময়ে জরুরি লেনদেনের প্রয়োজন রয়েছে, তাদের আগেই বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মাইগ্রেশনের কাজ শেষ হলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সীমিত সেবাগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে বলে জানানো হয়েছে।











