ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ
অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়।
ঢামেকে কর্মরত প্লাটুন কমান্ডার মো. শাহদাদ জানান, তরুণীকে বাথরুমের পানির পাইপের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে হাসপাতাল পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পরে শাহবাগ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।
তিনি জানান, ঘটনাস্থলে একটি ছুরি ও ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। বাথরুমের দেয়ালেও রক্তের দাগ রয়েছে।
ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে খবর দেওয়া হয়েছে। সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।











