,

অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সম্ভাবনা আছে: মাহ্দী আমিন

news-image

অনলাইন ডেস্ক : বৈশ্বিক নানা সংকট ও অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ পরিকল্পনা, প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
সোমবার সকালে রাজধানীর সোনারগাঁওয়ে ‘বে অব বেঙ্গল কনভার্সেশন’-এর তৃতীয় দিনের ‘লিডারশিপ ইন অ্যান এজ অব আনসার্টেইনটি’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, জলবায়ু সংকট, অর্থনৈতিক চাপ, স্বাস্থ্যঝুঁকি এবং রাজনৈতিক ও আঞ্চলিক অস্থিরতার কারণে বিশ্ব বর্তমানে নানা ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিগত অবস্থান, পরিকল্পনা ও কার্যকর কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নেওয়া সরকার মানবাধিকার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিচ্ছে।
ভূ-রাজনৈতিক সংকটের প্রসঙ্গে রোহিঙ্গা ইস্যু তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সংকটের মূল কারণ যেহেতু মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই হতে হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের প্রসঙ্গ তুলে ধরে মাহ্দী আমিন বলেন, প্রযুক্তির কারণে কিছু কর্মসংস্থান ঝুঁকিতে পড়লেও দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ লক্ষ্যে শিক্ষাক্রম আধুনিকায়ন, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জলবায়ু ও পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে কৃষি উৎপাদন বাড়ানো ও পানি ব্যবস্থাপনার জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ এবং তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথা তুলে ধরেন।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর গুরুত্ব দিয়ে তিনি ‘ফ্যামিলি কার্ড’, ‘ফার্মার কার্ড’ ও ‘হেলথ কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান। এসব উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে একটি সমন্বিত ‘ইউনিভার্সাল কার্ড’ ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান মাহ্দী আমিন। এর মধ্যে ৮০ শতাংশ নারী কর্মী থাকবেন বলে তিনি উল্লেখ করেন।
আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, পারস্পরিক সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, প্রযুক্তি ও সমুদ্র নিরাপত্তার মতো ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি নীতি প্রণয়নের কেন্দ্রে জনগণকে রাখলে এবং তাদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সংস্কার ও কর্মসূচি বাস্তবায়ন করা গেলে বৈশ্বিক অনিশ্চয়তাও সাহসের সঙ্গে মোকাবিলা করা সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক, নীতিবিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ