৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা
অনলাইন ডেস্ক : মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূকম্পন অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়।
এর এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি হয়। এই কম্পনও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে বলে জানা গেছে।
পরপর তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন।
তবে এখন পর্যন্ত এসব ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।











