পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন স্কেল-২০২৬ সঠিকভাবে বাস্তবায়নের অংশ হিসেবে মাঠপর্যায়ের জনবলের হিসাব মেলাতে জরুরি পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর আওতায় অধীনস্থ সব কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য নির্দিষ্ট ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে পাঠানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি থেকে পাঠানো বিশেষ চিঠিতে জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ করার লক্ষ্যে ‘iBAS++’-এর অরগানোগ্রাম সাব-মডিউলে জনবলের তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের সার্বিক আর্থিক ব্যবস্থাপনা সুসংহত করতে এবং নতুন পে স্কেলের অধীনে সঠিকভাবে বেতন নির্ধারণ (Pay Fixation) সম্পন্ন করতেই প্রতিটি পদের অনুমোদিত সংখ্যা, মূল গ্রেড ও পদবির নিখুঁত হিসাব চাওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এনাম কমিশনের পর নতুন সৃষ্ট পদগুলোর তথ্যও একই সিস্টেমে এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের সংশ্লিষ্ট অধিশাখা থেকে অনুমোদিত সরকারি আদেশের (জিও) কপিসহ বিস্তারিত তথ্য ছক অনুযায়ী জমা দিতে হবে।
সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে তথ্যের হার্ড কপি মাউশি ঢাকার উপপরিচালক (এইচআরএম) বরাবরে জমা দেওয়ার পাশাপাশি সফট কপি নিকোশ ফন্টের ওয়ার্ড ফাইল আকারে তাদের অফিসিয়াল ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।











