যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : দেশে কোনো বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রমে অংশ নেওয়া একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে এই ধরনের অভিযান সার্বক্ষণিক পরিচালিত হচ্ছে এবং আগামীতে তা আরও জোরদার করা হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের দেয়া ৩.৪২৮ একর (প্রায় ১১ বিঘা) জমির ওপর আনসার বাহিনীর এই নতুন কার্যালয় নির্মিত হচ্ছে। খিলগাঁওয়ের বর্তমান প্রধান কার্যালয়ের আবাসন ও যাতায়াত সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আধুনিক সব সুবিধাসহ এই অবকাঠামো গড়ে তোলা হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে ২০ হাজার ব্যাটালিয়ন ও ৬০ হাজার অঙ্গীভূত সদস্যের পাশাপাশি ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে দেশে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে, যা আনসারকে দেশের বৃহত্তম ফোর্সে পরিণত করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সংকটময় মুহূর্তে এই বাহিনীর অবদানের প্রশংসা করার পাশাপাশি সদস্যদের আবাসন সমস্যা সমাধানে আশুলিয়া ও শেরেবাংলা নগরে ব্যারাক ও ডরমেটরি সুবিধা বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, কোনো সদস্যের অবহেলা বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কেবল প্রত্যাহার নয়, বরং সরাসরি বিভাগীয় ও ফৌজদারি আইনে মামলা দায়ের করা হচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে যোগ করেন, ডিসেম্বর বিজয়ের মাসে দেশে কোনো অপশক্তিকে নতুন করে অস্থিরতা তৈরি করতে দেওয়া হবে না।
ঢাকার ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে অটোমেশন ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির প্রয়োগ শুরু হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন স্বয়ংক্রিয়ভাবে ই-মামলা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এছাড়া সড়কের দুর্ভোগ ও যানজট এড়াতে সম্পূর্ণ রাস্তা একবারে না কেটে ছোট ছোট অংশে কেটে দ্রুত সংস্কার কাজ শেষ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











