,

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

news-image

অনলাইন ডেস্ক : ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার হলেও এর জন্য দেশকে অনেক বড় মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বেলা ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের ঋণ রাষ্ট্র কোনোদিন পরিশোধ করতে পারবে না। ভবিষ্যতে যেন এমন নির্মম ও মর্মান্তিক হত্যাযজ্ঞ আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জাদুঘর পরিদর্শনের সময় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ঐতিহাসিক নিদর্শন দেখেন। তিনি দীর্ঘ গণতান্ত্রিক যাত্রার ওয়াকওয়ে, শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল ও আয়নাঘরের প্রতিরূপ ঘুরে দেখেন।

এ ছাড়া বিডিআর ও শাপলা ম্যাসাকার, নির্যাতনের বিভিন্ন উপকরণ এবং জোরপূর্বক গুমসংক্রান্ত প্রদর্শনী পরিদর্শন করেন তিনি। শহীদদের চিঠি, স্মারক ও বিভিন্ন স্মৃতিচিহ্ন দেখে রাষ্ট্রপতিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। পরে মনসুন থিয়েটারে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও দেখেন তিনি।

পরিদর্শন শেষে জাদুঘর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস তুলে ধরতে স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬