দিনাজপুরে ২৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ আটক
স্টাফ রিপোর্টার, মোঃ তাজউদ্দিন : দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটেলিয়ান (২৯ বিজিবি) নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা মূল্যমানের নেশাজাতীয় ট্যাবলেট, ভারতীয় ইস্কফ সিরাপ ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।
শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ তাজপুর ও অচিন্তপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তর থেকে ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৪০৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রীর সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান আরও দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে।











