বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা
গোলাম সাত্তার রনি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে ভয়াবহ মানবপাচার সিন্ডিকেটের সন্ধান মিলেছে। দীর্ঘ অনুসন্ধানের পর একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে মানবপাচারচক্রের গোপন কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। যেখানে মানবপাচারকারী চক্রের সহায়তাকারী হিসেবে ২০ পুলিশ কর্মকর্তা ও সদস্যের নাম উঠে এসেছে। এ ছাড়া সিভিল এভিয়েশনের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর সম্পৃক্ততাও মিলেছে।
প্রতিবেদন বলছে, ইমিগ্রেশন পুলিশের একাধিক কর্মকর্তা ও সদস্য ‘উত্তরা’, ‘সিলেট’, ‘চশমা’, ‘একাশি’, ‘নদী’ ও ‘বিমান’ নামে গোপন কোড ব্যবহার করে অবৈধ যাত্রীদের বিদেশে পাঠাতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।
অভিযোগ রয়েছে, দালাল চক্রের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত কাউন্টারে যাত্রী পাঠানো, ইমিগ্রেশন সিল সম্পন্ন করা, আইএনএস ক্লিয়ার থেকে শুরু করে এক্সিট গেট পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো কাজেও জড়িত ছিলেন তারা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে ২২ হাজার ৩৭২ জন বাংলাদেশি বিদেশ থেকে বাধ্যতামূলকভাবে ফেরত (ডিপোর্টেড) এসেছেন। প্রতি মাসে গড়ে ৩ হাজার ৭২৮ জন প্রত্যাগমন করছেন, যাদের অধিকাংশই মানবপাচারের শিকার। তদন্তকারী সংস্থার আশঙ্কা, বিমানবন্দর দিয়ে মানবপাচার রোধ করা না গেলে যেকোনো সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএর কালো তালিকাভুক্ত হতে পারে। এর ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে।
গোপন প্রতিবেদনে মানবপাচার চক্রে সংশ্লিষ্টতার অভিযোগে ১১ জনকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এবং আরও ৯ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেনÑ ইন্সপেক্টর পদবিধারী মাহির, নুরুল ইসলাম, মাসুদ, রুহুল আমিন, রউফ ও নাজমুল। সাব-ইন্সপেক্টর পদবিধারীদের মধ্যে রয়েছেনÑ মঞ্জরুল, বেলাল, আসাদ, সুব্রত, রিপন, মামুন, চান্দ, আক্তার, আফরোজা, হাসিব, আসিফ, তসলিম। এ ছাড়া জড়িতের তালিকায় রয়েছে সহকারী সাব-ইন্সপেক্টর তৈয়বুর ও কনস্টেবল জিয়াউল। সিভিল এভিয়েশনের অ্যারোড্রাম অপারেটর আব্দুল বারী মোল্লার নামও প্রতিবেদনে এসেছে। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের স্পেলাল ব্রাঞ্চ এসবিতে প্রতিবেদনটি গত মাসে জমা দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিদের সংগ্রহ করে দালাল চক্র। পরে ঢাকাকেন্দ্রিক ট্রাভেল এজেন্সিগুলো তাদের বিমানের টিকিট ও অনেক ক্ষেত্রে ভুয়া ভিসার ব্যবস্থা করে দেয়। বিমানবন্দরের ভেতরে বোর্ডিং কার্ড সংগ্রহ, ইমিগ্রেশন সম্পন্ন ও বহির্গমন নিশ্চিত করতে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট কাজ করে আসছে। তদন্তকারী সংস্থা বেশ কিছুদিন ধরে এই সিন্ডিকেটের ওপর নজরদারি চালিয়ে আসছিল। পর্যবেক্ষণে ইমিগ্রেশন পুলিশের কয়েকজন সদস্যের প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সিন্ডিকেট সদস্যরা ‘উত্তরা’, ‘সিলেট’, ‘চশমা’, ‘একাশি’, ‘নদী’ ও ‘বিমান’-এর মতো গোপন কোড ব্যবহার করে পাচারে সহায়তা করত। কোড পাওয়ার পর যাত্রীরা নির্ধারিত কাউন্টারে গিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যকে কোড জানাতেন। এরপর দ্রুত তাদের ইমিগ্রেশন সম্পন্ন করে বহির্গমনের ব্যবস্থা করা হতো।
ইন্সপেক্টর মাহির সাধারণত ডি-পালায় চার্লি ডিউটিতে নিয়োজিত থাকতেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তিনি প্রায় প্রতিটি শিফটে দুই বা ততোধিক অবৈধ যাত্রীর ইমিগ্রেশন নিশ্চিত করতেন। বেশিরভাগ সময় তিনি ‘উত্তরা’ কিংবা ‘সিলেট’ কোড ব্যবহার করতেন। যাত্রীরা বিমানবন্দরে এসে নির্ধারিত কাউন্টারে কোড বলতেন এবং ইমিগ্রেশন শেষে নির্ধারিত পুলিশ সদস্য তাদের আইএনএস কাউন্টারে পৌঁছে দিতেন।
গত ৩০ মার্চ এক অভিযানে বিমানবন্দরকেন্দ্রিক মানবপাচার চক্রের সদস্য আব্দুল বারী মোল্লাকে আটক করা হয়। মানবপাচারে নাটের গুরু আব্দুল বারী মোল্লা। সরকারি চাকরির আড়ালে তার নেতৃত্বেই গড়ে উঠেছে মানবপাচার সিন্ডিকেট। বিমানবন্দরে ‘বডি কন্ট্রাক্ট’ভিত্তিক মানবপাচার চক্রের অন্যতম মূল হোতা হিসেবে তার নাম এসেছে তদন্তে।
তদন্তে উঠে আসে, গত দুই থেকে তিন মাস ধরে বারী মোল্লা তার অধিকাংশ কার্যক্রম ইন্সপেক্টর মাহিরের মাধ্যমে পরিচালনা করছিলেন। ওইদিন এয়ার ইন্ডিয়া ফ্লাইটে মো. কবির হোসেন নামে এক যাত্রী এবং ইন্ডিগো ফ্লাইটে আরও চার যাত্রীর ইমিগ্রেশন সম্পন্নে সহায়তার তথ্যও তদন্তে উঠে আসে।
গত ১৯ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার যাত্রী ভারত হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন। তারা মোবাইলে ‘চশমা’ কোড পান। এই কোড ব্যবহার করে ইমিগ্রেশন-১ এর ৭ নম্বর কাউন্টারে সাব ইন্সপেক্টর আফরোজার কাছে দুজন, ১ নম্বর কাউন্টারে সাব ইন্সপেক্টর হাসিবের কাছে একজন এবং ৬ নম্বর কাউন্টারে সাব ইন্সপেক্টর আসিফের কাছে একজন ইমিগ্রেশন সম্পন্ন করেন। পরে সাব ইন্সপেক্টর আফরোজা দুই যাত্রীকে এক্সিট গেট দিয়ে ইমিগ্রেশন-৩ পর্যন্ত পৌঁছে দেন।
গত বছরের ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ইন্সপেক্টর নুরুল ইসলাম দায়িত্বে থাকাকালে মানবপাচার চক্রের দালাল অ্যারোড্রাম অপারেটর বারী মোল্লার সঙ্গে মোবাইল ফোনে ‘একাশি’ কোড বিনিময় করেন। পরে ওই কোড ব্যবহার করে পাঁচজন অবৈধ বহির্গমন যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করা হয়।
গত বছরের ১৩ সেপ্টেম্বর ইন্সপেক্টর মাসুদ দায়িত্বে থাকাকালে বারী মোল্লার সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইমিগ্রেশন-১ দিয়ে তিনজন অবৈধ বহির্গমন যাত্রীর ইমিগ্রেশন সম্পন্নে সহায়তা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ৬ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটের দিকে সাব ইন্সপেক্টর তসলিম এয়ার ইন্ডিয়ার কান্ট্র্রি ম্যানেজারের সঙ্গে সমন্বয় করে অবৈধ বহির্গমন যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্নে সহায়তা করেন। একই সঙ্গে আইএনএস ক্লিয়ার করার জন্য কর্তব্যরত অন্য পুলিশ সদস্যদের সঙ্গেও তিনি আগাম সমন্বয় করেন বলে তদন্তে উঠে এসেছে।
গত বছর ১২ নভেম্বর সকাল ৮টার দিকে আগমনী এলাকায় ডিউটিতে থাকা অবস্থায় ইন্সপেক্টর রুহুল আমিন বারী মোল্লার সঙ্গে যোগাযোগ করে ইমিগ্রেশন-৩ দিয়ে সাত থেকে আটজন অবৈধ যাত্রীর ইমিগ্রেশন সম্পন্নে সহায়তা করেন। এ কাজে ‘নদী’ কোড ব্যবহার করা হয়।
একইভাবে গত বছরের ১৮ নভেম্বর ১২টা ৪৫ মিনিটে ডিউটিতে থাকা অবস্থায় ইন্সপেক্টর রউফ বারী মোল্লার সঙ্গে যোগাযোগ করে ইমিগ্রেশন-২ দিয়ে তিনজন অবৈধ যাত্রীর ইমিগ্রেশন সম্পন্নে সহায়তা করেন। তার ক্ষেত্রেও ‘নদী’ কোড ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
গত বছর ২০ নভেম্বর সকাল ৬টা ১০ মিনিটে ডিউটিতে থাকা অবস্থায় ইন্সপেক্টর নাজমুল বারী মোল্লার সঙ্গে যোগাযোগ করে ইমিগ্রেশন-৩ দিয়ে ছয়জন অবৈধ বহির্গমন যাত্রীর ইমিগ্রেশন সম্পন্নে সহায়তা করেন। তদন্তে বলা হয়েছে, সাব ইন্সপেক্টর মাসুদের মাধ্যমে তাদের সিল ও বহির্গমন নিশ্চিত করা হয়। এ ক্ষেত্রে ‘বিমান’ কোড ব্যবহার করা হয়েছিল।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, এই চক্র ওমরাহ ভিসায় যাত্রীদের প্রথমে সৌদি আরব পাঠায়। পরে কাতার, মিশর ও সিরিয়া হয়ে নৌপথে ইতালি নেওয়া হয়। এ ছাড়া ভারত, শ্রীলঙ্কা ও দুবাই হয়ে একই রুটেও মানবপাচার করা হয়।
বেবিচকের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব এসএম লাবলুর রহমান বলেন, যেহেতু তদন্ত প্রতিবেদনে বারী মোল্লার নাম এসেছে। তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
১১ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইন্সপেক্টর মাহির, সাব ইন্সপেক্টর মঞ্জরুল, সাব ইন্সপেক্টর বেলাল, কনস্টেবল জিয়াউল, সাব ইন্সপেক্টর আসাদ, সাব ইন্সপেক্টর সুব্রত, সাব ইন্সপেক্টর রিপন, সাব ইন্সপেক্টর মামুন, সাব ইন্সপেক্টর চান্দ, সহকারী সাব ইন্সপেক্টর তৈয়বুর এবং সাব ইন্সপেক্টর আক্তারের বিরুদ্ধে অবৈধভাবে যাত্রী বহির্গমনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া সাব ইন্সপেক্টর আফরোজা, সাব ইন্সপেক্টর হাসিব, সাব ইন্সপেক্টর আসিফ, ইন্সপেক্টর নুরুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদ, সাব ইন্সপেক্টর তসলিম, ইন্সপেক্টর রুহুল আমিন, ইন্সপেক্টর রউফ ও ইন্সপেক্টর নাজমুলের বিরুদ্ধে অধিকতর তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকাংশ অপকর্মের সঙ্গে চার্লি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। তাই এই দায়িত্বে পুলিশ সদস্য নির্বাচনের ক্ষেত্রে অধিক সতর্কতা ও নজরদারির সুপারিশ করা হয়।











