নবীনগরে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলিবিদ্ধ ৪ জনের দুজন নিহত ও ২ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় বুধবার রাতে ৫ অক্টোবর নবীনগর থানায় দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। এছাড়াও গতকাল বুধবার শিপন মিয়ার (৩০) হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গনিশা মাজার প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দায়ের করা মামলার একটির বাদী হয়েছেন নিহত শিপন মিয়ার মা আনোয়ারা বেগম। অপর মামলাটির বাদী হয়েছেন গুলিবিদ্ধ এমরান মাস্টারের চাচাতো ভাই হাসিবুর রহমান।
নিহত শিপন মিয়ার মা আনোয়ারা বেগম এর মামলায় ঢাকায় কর্মরত পুলিশের ডিসি বিল্লাল হোসেনের আপন ছোট ভাই গুলিবিদ্ধ গুরুতর আহত এমরান হোসেন মাস্টারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও মামলাটিতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।
এমরান মাস্টারের চাচাতো ভাই হাসিবুর রহমানএর করা মামলায় নিহত শিপনের বাবা মনেক মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও এই মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, ‘দুটি মামলাই নেওয়া হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সুষ্ঠু তদন্ত করে এ বিষযে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গণি শাহ মাজার সংলগ্ন বাজারে স্থানীয় একটি হোটেলে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত শনিবার রাত ৯ টার দিকে এলাকার মোনাফ মিয়ার ছেলে শিপন মিয়া (৩০) সন্ত্রাসী হামলায় আহত হন। ওই সময় আচমকা থোল্লাকান্দি গ্রামের রিফাতের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হোটেলটিতে গুলি করতে করতে ঢুকে।
সে সময় শিপন মিয়া (৩০) এবং হোটেলের দুই কর্মচারী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুলিবিদ্ধ হন। তাদের ঢাকায় পাঠানো হলে ওই দিনই ভোর রাতে গুলিবিদ্ধ শিপন মিয়া ও পরের দিন ইয়াছিন মিয়া মারা যান।
এদিকে মনেকের ছেলে শিপনকে সন্ত্রাসীরা গুলি করেছে- এই খবর মনেকের বাড়ি পার্শ্ববর্তী নূরজাহানপুর গ্রামে ছড়িয়ে পড়লে মনেকের নেতৃত্বে বিক্ষুব্ধ লোকজন সশস্ত্র অবস্থায় গণিশাহ মাজারের অদূরে তালতলায় গিয়ে হামলাকারী রিফাতের চাচাতো ভাই স্থানীয় এমরান হোসেন মাস্টারের অফিসে হামলা চালায়। এসময় মনেকের লোকজন এমরান মাস্টারকে (৪২) গুলি করে। বর্তমানে গুলিবিদ্ধ এমরান মাস্টার ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, শিপনকে গুলি করে রিফাত, যিনি থোল্লাকান্দি গ্রামের বাসিন্দা এবং এমরান মাস্টারের আত্মীয়। ফলে শিপন গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে মনেকের অনুসারীরা এমরান মাস্টারের অফিসে হামলা চালিয়ে গুলি করে। উভয়পক্ষ থানায় মামলা করেছে। আর আমাদের তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।











