আজিজ আহমেদের নিষেধাজ্ঞার জন্য দায়ী সরকার: মির্জা ফখরুল
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব। প্রায় ঘণ্টাব্যাপী এই সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কত বড় লজ্জার কথা। সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যেটা আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। এ জন্য দায়ী কে? দায়ী সম্পূর্ণভাবে সরকার। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজ এই ঘটনা ঘটেছে। বাইরে মিডিয়াগুলো থেকে অনেকবার আজিজের কথা বলা হয়েছিল। কিন্তু সরকার সে বিষয়ে ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়, এখনও তারা যেটা বলছেন, রাজনৈতিক কথাবার্তা। সেনাবাহিনী হচ্ছে, আমাদের সবচেয়ে ভরসার একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে যদি সরকারের কারণে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এ দেশের মানুষ মেনে নেবে না।
বিএনপি মহাসচিব বলেন, র্যাবের যেসব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এলো, তা থেকে তো তারা (সরকার) কোনো শিক্ষা নেয়নি। তাদের মধ্যে একজন আইজিপিও হলেন। এখনও মনে হয় আছেন। এটার কতটুকু প্রভাব এদের ওপরে পড়ে আমার ধারণা নেই। তারা (সরকার) তাদের ক্ষমতা থাকার লক্ষ্য চূড়ান্ত করার জন্য এই বাহিনীগুলোকে ব্যবহার করে।
অনুষ্ঠিত দুটি উপজেলা নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই নির্বাচন নিয়ে কোথাও কোনো প্রতিক্রিয়া দেখছি না ও কেউ লক্ষ্য করছে না যে নির্বাচন হচ্ছে। কথাও আলোচনা এবং কথাবার্তাও নেই। নির্বাচন ব্যবস্থার ওপরেই মানুষের আস্থা চলে গেছে। এই সরকার এটা করেছে। সফলভাবে করেছে।
ভারতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের (সরকার) তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা (সরকার) দিতে পারল না। না পারল বাংলাদেশ সরকার, না পারল তাদের বন্ধু রাষ্ট্র ভারত। আমরা কী মনে করব? এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা। টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। এটা কোন ঘটনা কী না তা আমরা জানি না।
ফখরুল আরও বলেন, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মাওলা রনির গাড়িতে হামলা হয়েছে, কেন? কারণ একটাই, গোলাম মাওলা রনি তার বিভিন্ন বক্তব্যে মধ্যে দিয়ে সরকারের সমালোচনা করেন। অর্থাৎ সমালোচনা করা যাবে না। এ কারণে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের শাহাদাতকে কখনো আমরা খাটো করে দেখতে পারি না বা একটা সাধারণ ঘটনা মনে করি না। একটা গভীর চক্রান্তে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা পরনির্ভরশীল নেতৃত্ব সৃষ্টির কারণেই সেদিন সেই জাতীয়তাবাদী নেতা জিয়াউর রহমানকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে বিনষ্ট করে দেয়।
মির্জা ফখরুল বলেন, আজকের শাসকগোষ্ঠী জিয়াউর রহমানের নামটা মুছে ফেলতে চায়। ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তাকে খলনায়কে পরিণত করার জন্য তারা সেই কাজ শুরু করেছে। প্রাথমিক স্কুল থেকে শুরু করে সব জায়গায় তারা সেই একই ধরনের কথা বলছে এবং সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- জিয়াউর রহমান না কী বাকশালে যোগ দিয়েছিলেন। এটা পুরোপুরিভাবে একটা সত্যের অপলাপ করেছেন। মেজর হাফিজ (বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ) যিনি তার (জিয়াউর রহমান) ওই সময়ের সহকর্মী ছিলেন, তিনি আমাকে বলেছেন- এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। জিয়াউর রহমান সাহেব কখনোই বাকশালের ফরম পূরণ করেননি। এভাবে মিথ্যা কথা বলে বলে তারা জিয়াউর রহমান সাহেবকে একটা বিভিন্নভাবে পরিচিত করতে চান।











