শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়সের ভারে ন্যুব্জ শরীর, চোখের জলে ভিজলো সন্তানের কবর

news-image

নিজস্ব প্রতিবেদক : সন্তানের মৃত্যুর চেয়ে বড় কোনো বেদনার ভার পৃথিবীতে আর নেই। যে কোনো বাবা-মা সন্তানের মৃত্যুতে নিজেরা বেঁচে থেকেও দুনিয়াতে নরকযন্ত্রণা ভোগ করেন। তাদের কাছে জীবন হয়ে ওঠে অর্থহীন, যেন রাত্রির বিভীষিকাময় অন্ধকার। ঠিক ১৫ বছর আগে দেশের ইতিহাসে নৃশংসতম পিলখানা হত্যাকাণ্ড বহু বাবা-মাকে করেছে সন্তানহারা। সেইসব বাবা-মায়ের চোখের জল আজও শুকায়নি। দুঃসহ সেই স্মৃতি এখনো তাদের তাড়িত করে অহর্নিশ। মফিজুল ইসলাম সরকার ও মমিনুর নেসা সরকার তেমনই অভাগা বাবা-মা। যারা ১৫ বছর আগে পিলখানায় নির্মম হত্যাকাণ্ডে হারিয়েছিলেন আদরের সন্তান মেজর মোহাম্মদ মুমিনুল ইসলাম সরকারকে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী-বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের প্রাণহানি হয়েছিল। যা দেশের গণ্ডি পেরিয়ে আলোচনা ও চর্চায় আসে আন্তর্জাতিক অঙ্গনেও। নারকীয় সেই হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হলো। তবে এখনো স্বজন হারানোর শোকে ম্যুহমান অনেক পরিবার। তাদের অনেকে যেমন সন্তানহারা, অনেকেই হারিয়েছেন স্বামী, বাবা অথবা স্বজন।

পিলখানায় নির্মম হত্যাকাণ্ডে ছেলে হারানোর বেদনা এখনো প্রতিনিয়ত কাঁদায় নিহত মেজর মোহাম্মদ মুমিনুল ইসলাম সরকারের বাবা-মাকে। বয়সের ভারে নুয়ে পড়া দুজনেই গত ১৫ বছর ধরে একসঙ্গে ছেলের কবরের সামনে বসে চোখের পানি ফেলেন। নীরবে অঝোরে কাঁদেন। সন্তানহারা এই বৃদ্ধ বাবা-মায়ের কান্না দেখে আত্মীয়-পরিজন, সেনাসদস্য, এমনকি গণমাধ্যমকর্মীদেরও চোখ ছলছল হয়ে ওঠে। যেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেন সবাই।

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে প্রবেশ করে বাম দিকের শেষ সীমানার কবরটি মেজর মোহাম্মদ মুমিনুল ইসলাম সরকারের। রোববার (২৫ ফেব্রুয়ারি) ছেলের কবরের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন বৃদ্ধ বাবা মফিজুল ইসলাম সরকার। প্রথমে চাপা কান্না পরে আর্তনাদ। বাবার এমন অশ্রুপাতে যেন ভিজে যাচ্ছিল সন্তানের কবরের মাটি-ঘাস। অপলক চোখে তিনি তাকিয়ে ছিলেন ছেলের কবরের নামফলকের দিকে।

মফিজুলের সঙ্গে সেখানে ছিলেন তার স্ত্রী মমিনুর নেসা সরকারও। তিনিও শোকে পাথর হয়ে দাঁড়িয়ে ছিলেন ছেলের কবরের পাশে। তার চোখ দিয়েও ঝরছিল শোকের অঝোর ধারা। হাউমাউ করে কেঁদেই যাচ্ছিলেন। একটা চাপা কষ্ট, একটা শূন্যতা, সন্তানকে ছুঁয়ে দেখতে না পারার অসহায় আর্তি বৃদ্ধ এ দম্পতি বয়ে বেড়াচ্ছেন গত ১৫ বছর ধরে।

সেই চাপা কষ্ট ও বেদনা নিয়ে এবারও তারা হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হওয়ার দিনে ছুটে এসেছেন বনানীতে সন্তানের কবরের পাশে। কখনো চিৎকার করে আবার কখনো নীরবে কাঁদছিলেন এই বাবা-মা। পাশে থাকা স্বজনরা বারবার নানা কথার সান্ত্বনায় থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। তাদের কান্না যেন কিছুতেই থামছিল না। বাবা-মায়ের চোখের জল যেন শোকের বৃষ্টি হয়ে নেমেছিল সন্তানের কবরের মাটি ও ঘাসে।

৮৬ বছর বয়সী মফিজুল ইসলাম সরকার এখন বয়সের ভারে অনেকটাই ন্যুব্জ। দীর্ঘ সময় পর কান্না কিছুটা থামলে তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান জাগো নিউজের এ প্রতিবেদক। কথা বলতে বলতে পরক্ষণেই ভিজে উঠছিল সন্তানহারা এই পিতার স্মৃতিকাতর চোখের পাতা।

মফিজুল ইসলাম সরকার জাগো নিউজকে বলেন, আমার আট সন্তানের মধ্যে মুমিনুল ছিল সবচেয়ে মেধাবী। ছেলে সেনাবাহিনীতে গিয়েছিল। কেউ কখনো ভাবতে পারিনি ছেলেকে এভাবে হারাতে হবে। ডিকশনারির প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত সব মুখস্থ ছিল তার। সহকর্মীরা বলতো- স্যার থাকলে ডিকশিনারির পাতা উল্টাতে হয় না। আমাদের এলাকার ছোট থেকে বড় এমন কেউ নেই যে মেজর মুমিনুলের নাম শুনলে আফসোস করে না।

পিলখানা হত্যাকাণ্ডের ১৫ বছরেও বিচারকাজ পুরোপুরি শেষ হয়নি। এ নিয়ে জানতে চাইলে মফিজুল ইসলাম সরকারের কথায় শুধু আক্ষেপই ঝরে। তিনি বলেন, এই চৈত্রে আমার বয়স ৮৬ বছর পূর্ণ হবে। ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে পারবো কি না, আল্লাহই ভালো জানেন। আমি জীবদ্দশায় বিচারকার্য দেখে যেতে চাই, এটাই এখন শেষ ইচ্ছা আমার।

পাশেই দাঁড়ানো মেজর মুমিনুলের মা মমিনুর নেসা সরকার জাগো নিউজকে বলেন, এদিনের কথা মুখে বলার মতো কিছু নেই, বুকটা চিরে দেখাতে পারলে সবাই বুঝতো একজন সন্তানহারা মায়ের জীবন কতটা কষ্টের। আমার সন্তান কবরে শুয়ে আমাকে ডাকছে। কিন্তু আমি শুনতে পাচ্ছি না। ও আমাকে আম্মা আম্মা বলে ডাকছে…।

মেজর মুমিনুলের কবরের পাশেই মেজর এস এম মামুনুর রহমানের কবর। তিনিও পিলখানা হত্যাকাণ্ডে নিহত হন। মেজর মামুনুরের মা আম্বিয়া খানম ছেলের কবরের পাশে দাঁড়িয়ে বারবার চোখ মুছছিলেন। তার সঙ্গে কথা হলে কাঁদতে কাঁদতে জাগো নিউজকে বলেন, এতগুলো অফিসারকে একেবারে মেরে ফেললো আর সেই হত্যার বিচার করতে এত বছর সময় লেগে যাচ্ছে? বিচার হলেইবা আমার কী লাভ! সন্তানকে কি আমি ফিরে পাবো? আমার তো পুত্রশোকে পুরো জীবনটাই শেষ। ওর বাবাও ছেলের কথা ভাবতে ভাবতে হার্টের রোগী হয়ে গেছে। আমার পরিবার, আমার সংসার ধ্বংসের মুখে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা