বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান

news-image

বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু প্রধানমন্ত্রী বা রাজনীতিক হিসেবে নয়, একজন মা হিসেবে বিশ্বনেতাদের বলবো, আপনারা বন্ধ করেন এই যুদ্ধ, বন্ধ করেন এই অস্ত্রের প্রতিযোগিতা। কারণ যুদ্ধ হলে বেশি বেকায়দায় পড়ে আমাদের বোনেরা এবং শিশুরা। আমাদের সেই অভিজ্ঞতা আছে। ১৯৭১ সালে আমরা সেটা দেখেছি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) গণভবন কমপ্লেক্স মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীজুড়ে যুদ্ধের দামামা বাজছে। একদিকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। অপরদিকে, ইসরাইল-ফিলিস্তিন হামলা চলছে। ফিলিস্তিনের অর্ধেকের বেশি জায়গা ইসরায়েল দখল করে ফেলেছে।

নারীদের আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলে এই উন্নয়ন করতে পেরেছি। নারীদেরসহ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমাদের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের আগমনে ধন্য গণভবনের মাটি। 

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের প্রভাব ও যুদ্ধের প্রভাবে অর্থনীতিতে চাপ। দ্রব্যমূলের দাম বেড়ে গেছে। জাহাজের ভাড়া বেড়ে গেছে। এ জন্য ভাইবোনদের আহ্বান করি, যার যেখানে সুযোগ আছে, নিজেরা যেন চাষ করি। নিজেরা আবাদ করলে নিজের চাহিদা পূরণ করতে পারবো। নিজেদের উপার্জন নিজে করবো, নিজের পায়ে দাঁড়াবো। পরেে ওপর নির্ভরশীল হয়ে নয়, কাজের মধ্য দিয়ে অধিকারটা অর্জন করবো। আমাদের প্রতিটি জায়গায় নারীদের আসন ও পদ সংরক্ষিত আছে, রেখেছি।

সরকারপ্রধান বলেন, জেন্ডার ইকুয়ালিটির কথা বলে অনেক দেশ। আমাদের দেশে উল্টো হয়ে গেছে। আমার দেশে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি স্কুলে যায়। মেয়েরা ফলাফলেও ভালো করে। খেলাধুলায়ও নারীরা ভালো করছে। প্রাইমারি ও মাধ্যমিকে খেলাধুলা চলছে, এখানে মেয়েরা যাতে আরও সম্পৃক্ত হয় সে ব্যবস্থা করে দিয়েছি।

তিনি বলেন, আমার বাবা বলতেন, অধিকার অধিকার বলে চিল্লালে হবে না। অধিকার হবে তখনই, যখন নারী ১০ টাকা নিয়ে ঘরে ঢুকতে পারবে। অর্থাৎ অর্থনৈতিক শক্তি অর্জন করতে পারলেই মেয়েদের কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আমাদের লক্ষ্য দেশের মানুষের সার্বিক উন্নয়ন আর মেয়েদের অধিকার। উন্নয়নের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা করেছি। বাবার সঙ্গে মায়েরও পরিচয় নিশ্চিত করেছি। ধর্ষণ ও এসিড নিক্ষেপে মৃত্যুদণ্ডের বিধান করে সুরক্ষা দিয়েছি। নারী নির্যাতন থেকে সুরক্ষা দিতেও আইন করে দিয়েছি। দরিদ্র মা, বয়স্ক নারীর, বিধবা, স্বামী নিগৃহীতাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছি। যাতে তাদের জীবনটা অর্থবহ হয়। এই বাজেটে ৪৩টা মন্ত্রণালয়ে নারীবান্ধব বাজেট দিয়েছি।

নারী উদ্যোক্তাদের জন্য নারীদের পৃথক চেম্বার করার ক্ষেত্রে আমার ছোট বোন শেখ রেহানা উৎসাহ দিয়েছেন, যোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমাদের মেয়েরা প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যাবে। ওসি, এসপি করেছি। বিচারকও বানিয়েছি। এসপি পদায়নের সময় অনেকে এ নিয়ে প্রশ্নও তুলেছেন, কিন্তু আমি তা শুনিনি। আপনারা জানেন, প্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী। তিনি নবীকে বিয়ে করেন এবং তার সম্পদ দিয়ে ইসলাম প্রচার ও প্রসারে সহযোগিতা করেন। সেসময় যখন একজন নারী এভাবে ব্যবসা করেছেন, স্বামীকে সহযোগিতা করেছেন, তাহলে এখন নারী ঘরবন্দি হবে কেনো? হ্যাঁ, শালীনতার সঙ্গে সব জায়গায় চলবে।

তিনি বলেন, নারীরা শুধু মাথা খুটে বললে হবে না, আমাদের অধিকার দাও। নিজের অধিকার নিজেকে অর্জন করতে হবে। এসময় তিনি কবি রবীন্দ্রনাথ ও কবি নজরুল ইসলারে কবিতারও উদ্ধৃতি দেন। এসময় প্রধানমন্ত্রী তার মায়ের গল্পও তুলে ধরেন। একজন নারী পাশে থাকলে একজন পুরুষ কতদূর যেতে পারে, বা একটা দেশ কতদূর যেতে পারে, এটাই তার প্রমাণ।

প্রধানমন্ত্রী বলেন, যখন রাজপথে পুরুষরা নামতে পারেনি, আমাদের নারী নেত্রীরা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। আইভি রহমানসহ আমাদের অসংখ্য নারী নেত্রী জীবনও দিয়েছেন। আমি তাদের স্মরণ করছি।

তিনি বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাশে থেকে শক্তি সাহস যুগিয়েছেন আমার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বাবাকে বলতেন, তুমি কোনো চিন্তা করবে না। আমাদের পড়াশোনা করানো, সংসার সামলানো সবই দেখেছেন আমার মা।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা মানুষকে বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। বার বার কারাবরণ করেছেন। তিনিই আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তার ডাকেই এদেশের মানুষ মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। তিনিই এদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতির শুরুটা করে দিয়ে গেছেন।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আমরা জয়িতা ফাউন্ডেশন করেছি। নারীদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর জন্য এই টাওয়ার করেছি। গণভবনের মাটি আজ ধন্য, প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষ ও সফল নারী উদ্যোক্তারা এখানে এসেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান।

এর আগের সকাল ১০টায় ধানমন্ডিতে নবনির্মিত জয়িতা টাওয়ারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সেখানে জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেসও উদ্বোধন করেন তিনি।

এ জাতীয় আরও খবর