মুজিব বীরত্বের পরও পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক : ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে হারায় তৃতীয় ম্যাচটি ছিল আফগানিস্তানের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর। তবে, ব্যাটিং ব্যর্থতায় এদিনও ৫৯ রানে হার দেখতে হলো হাশমতউল্লাহ শাহিদির দলকে।
শ্রীলংকার কলম্বোয় প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে ৮ বল বাকি থাকতেই ২০৯ রানে অলআউট হয় আফগানরা।
দলটির আরও বড় ব্যবধানে হার দেখা লাগত, যদি না নয় নম্বরে নেমে মুজিব-উর-রহমান অমন অতিমানবীয় ইনিংস না খেলতেন। ২৬৯ রান তাড়ায় ৯৭ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল আফগানরা। নয়ে নেমে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন মুজিব। অষ্টম উইকেটে শহিদুল্লাহর (৩৭) সঙ্গে গড়েন ৫৭ রানের জুটি। নবম উইকেটে ফরিদকে নিয়ে ৪৫ রান যোগ করেন মুজিব। ১৯৯ রানে নবম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তিনি।
তবে এরই মধ্যে রেকর্ড হয়ে যায় তার। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬৪ রান করা মুজিব হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৬ বলে। আফগানিস্তানের কোনো ব্যাটারের পক্ষে যা সবচেয়ে দ্রুততম। এর আগের দ্রুততম (২৭ বলে) হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল রশিদ খানের। ২০৯ রানে শেষ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন ফরিদ আহমেদ।
এর আগে প্রথমে ব্যাটিং করে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ইনিংসে ২৬৮ রান করে পাকিস্তান। শ্লথ গতিতে বাবর ৬০ রান করলেও স্ট্রাইকরেট আশির ওপর রেখে ৬৭ রান করেন রিজওয়ান। শেষদিকে আগা সালমানের ৩৮ ও মোহাম্মদ নওয়াজের করা ৩০ রানও ছিল ভীষণ কার্যকরী।











