র্যাঙ্কিংয়ের তিনে ইমাম, ক্যারিয়ারসেরা অবস্থানে রউফ
স্পোর্টস ডেস্ক ; আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৪২ রানে জয় পায় পাকিস্তান। পাকিস্তানের ২০১ রানের জবাবে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় আফগানরা। ৫ উইকেট নিয়ে এই জয়ে সবচেয়ে বড় অবদান পেসার হারিস রউফের। যা প্রতিফলিত হয়েছে ওয়ানডে র্যাঙ্কিংয়েও।
আজ বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত সংস্থা আইসিসি। ১৮ রানে ৫ উইকেট নেওয়া রউফ ৭ ধাপ এগিয়ে আছেন ৩৫তম স্থানে। এর আগে তার ক্যারিয়ারসেরা অবস্থান ছিল ৪২।
পাকিস্তানের হয়ে ম্যাচে সবচেয় বেশি (৬১) রান করেন ইমাম-উল-হক। এক ধাপ এগিয়ে তিনি বর্তমানে আছেন তিন নম্বরে। আর তিনধাপ এগিয়ে সতীর্থ মোহাম্মদ রিজওয়ান আছেন ৫৮ নম্বরে। প্রথম ম্যাচে ‘ডাক’ মারলেও এই সংস্করণে ব্যাটারদের মধ্যে শীর্ষে বাবর আজম। দুইয়ে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন।
এদিকে ব্যাটিং ব্যর্থতায় বড় হার দেখলেও বল হাতে নৈপুণ্য দেখিয়েছিলেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেওয়া মুজিব এগিয়েছেন তিন ধাপ। বর্তমানে ৩ নম্বরে আছেন তিনি।











