শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২১ আগস্টের হামলায় খালেদা-তারেক জড়িত: হাছান মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্ট হামলার সঙ্গে বিএনপি জড়িত। তারা হত্যার রাজনীতি করে। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত মোশতাক ও জিয়া। আর ২১ আগস্টের হামলায় তারেক রহমান ও খালেদা জিয়া জড়িত।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র যোদ্ধা ২১ আগস্ট বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগস্টের ঘটনা ঘটিয়েছে। হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান। বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। এদেশে রাজনীতি করার অধিকার বিএনপির নেই।

বিএনপির উদ্দেশ্য তিনি বলেন, তাদের মহাসচিব এখন বলছেন, কোন দেশ কি বলছে তাতে কিছু যায় আসে না। তাহলে বিদেশিদের কাছে ধর্না দিয়েছিলেন কেন? আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপি ভেবেছে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। চারিদিকে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হয়নি।

দেশবাসীর প্রতি বিএনপিকে প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি।