সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকি, আটক ২
নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে ঝিনাইদহ ও রাজধানীর উত্তরা থেকে তাদের আটক করা হয়।
আটকের তথ্য নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চিকিৎসককে হত্যার হুমকিদাতা তফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহের মহেশপুর থেকে আটক করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
একই ঘটনায় বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে হাফিজা মাহবুবা বৃষ্টি (৩২) নামে আরেক অভিযুক্তকে আটক করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
এর আগে সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক এস এম মোস্তফা জামান নিরাপত্তা চেয়ে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ইউটিউবসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আইডি থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সেই সঙ্গে মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ ও ফেসবুকে তাঁর ব্যক্তিগত আইডিতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা করছেন, হুমকিদাতারা তাঁর এবং পরিবারের সদস্যদের খুন-জখমসহ বড় ধরনের ক্ষতি করতে পারে। এক্ষেত্রে তিনি ফেসবুক ও ইউটিউবের কয়েকটি লিঙ্ক যুক্ত করে দেন।
ডা. মোস্তফা জামান সাংবাদিকদের বলেন, ধর্ম-বর্ণ, গোত্র বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে হাসপাতালে সবাইকে সমান চিকিৎসা দেওয়া হয়। সাঈদীও এ ক্ষেত্রে ব্যতিক্রম নন। তাঁকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভুল চিকিৎসা বা অপচিকিৎসার যে অভিযোগ ছড়ানো হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন।
ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম জানান, আদালতের অনুমতি নিয়ে জিডির তদন্ত করবে পুলিশ। তাঁর অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডা. মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে জামায়াত নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ করেছে।
বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (মোস্তফা জামান) কাল রাতে আমার কাছে এসেছিলেন। তিনি সব ঘটনা বলেছেন। আমরা প্রত্যক্ষ করেছি, যিনি চিকিৎসক, যিনি সেবাদান করেন, তাঁকে চিকিৎসা দিয়েছেন, তাঁকেও তারা হত্যার হুমকি দিচ্ছে। এটা আমার কাছে আশ্চর্য লাগে!’
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, তারা যে নোংরা চিন্তা করে, তারা যে সব সময় সন্ত্রাসী চিন্তা করে, তারা যে রাষ্ট্রের বিরুদ্ধে সব সময় চিন্তা করে (এটা) তারই প্রতিফলন। হুমকির মাধ্যমে তারা (তা) জানান দিয়েছে।’











