রশিদ-মুজিব দামী স্পিনার, স্মরণ করালেন পোথাস
ক্রীড়া প্রতিবেদক : রশিদ খান-মুজিব উরকে আগেও খেলেছে বাংলাদেশ। ওয়ানডে-টি-২০ সিরিজে তাদের বিপক্ষে ধুঁকতেই দেখা গেছে বেশি। তাদের খেলার কোন ‘বুদ্ধি’ যেন নেই। রহস্য দুই স্পিনারে ঘরের মাঠে সিরিজ হেরেছে বাংলাদেশ। চ্যালেঞ্জ এবার ধবলধোলাই এড়ানো।
মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগের দিন সংবাদ সম্মেলনে জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস বলেছেন, মুজিব-রশিদকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের কোন দলই ঠিকঠাক খেলতে পারে না।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেজন্য রশিদ খান ও মুজিবদের এতো দাম। পোথাসের ভাষ্যে, ‘আমি মনে করি, তাদের বিপক্ষে আমরা কেন ধুঁকছি এটা যথাযথ প্রশ্ন নয়। প্রশ্ন হলো, কেন বিশ্বের সকলের তাদের বিপক্ষে খেলতে অসুবিধা হয়। বিশ্ব ক্রিকেটে তাদের র্যাঙ্কিং দেখলেই এটা বোঝা যাবে।’
রশিদ খান ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ে সাতে আছেন। মুজিব উর আছেন আটে। ওয়ানডে ফরম্যাটে বোলিং র্যাঙ্কিংয়ে চারজন স্পিনার আছেন। তিনজনই আফগানিস্তানের। পোথাসের মতে, শেন ওয়ার্ন- মুত্তিয়া মুরালিধরনকেও ব্যাটাররা সহজে পড়তে পারেননি। সেজন্যেই তারা বিশ্বের সেরা ছিলেন।
তিনি বলেন, ‘মিডলসিক্সে মুজিবকে আমি দেখেছি। উইকেটরক্ষক হয়েও আমি পেছন থেকে ওকে বুঝতে পারতাম না। সেজন্যই বিশ্বের সকল প্রতিযোগিতা রহস্য স্পিনারদের এতো দামে কেনা হয়। প্রশ্ন হতে পারে, আমরা কীভাবে তাদের সামলাবো বা কীভাবে তাদের বিপক্ষে আরও ভালো খেলা যায়।’











