পরীমনি আদালতে না আসায় অসন্তোষ প্রকাশ বিচারকের
আদালত প্রতিবেদক : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে হাজিরা দিতে না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ অসন্তুষ্টি প্রকাশ করেন।
এদিন মামলাটির সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, হাইকোর্টে চার্জগঠন বাতিলের বিষয়ে রুলের আংশিক শুনানি হয়েছে। এজন্য সাক্ষ্যগ্রহণ পিছানো প্রয়োজন। এরপর বিচারক আসামি পরীমনি কেন আদালতে আসেন না জানতে চাইলে আইনজীবী জানান, ওনার (পরীমনি) প্রেগনেন্সির সময় বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায়
আইনজীবীর মাধ্যমে হাজিরা মঞ্জুর করেন। সন্তান প্রসব করার পর তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি, তাই আদালতে আসছেন না।
এ সময় রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আজাদ রহমান বিরোধিতা করে বলেন, প্রেগনেন্সির সময় গত বছর ২ জুন আদালত আইনজীবীর মাধ্যমে হাজিরা মঞ্জুর করেন। এরপর ১ বছরের বেশি সময় পার হয়েছে। এখন এটা আর থাকতে পারে না।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি।











