তামিমের অবসরে কোন চাপের ইঙ্গিত দিলেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
হঠাৎ করে তামিম কেন অবসরের ঘোষণা দিলেন, তা নিয়ে অনেকের মতো বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কোনো চাপে তামিম এমন সিদ্ধান্ত নিয়েছেন কি না, ফেসবুকে পোস্টে সেটি জানতে চেয়েছেন তিনি। মাশরাফির ফেসবুক পোস্টটি নিচে দেওয়া হলো:
তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে সবচেয়ে ভালো কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই।
তবে কিছু কথা জানতে মন চায়, মাত্র ৩৪ বছর ১০৮ দিনেই বিদায় কেন! আসলেই কি চালিয়ে যেতে পারছিস না? নাকি কোনো চাপ তোকে বাধ্য করেছে! তোর অনেক ভক্ত হয়তো খুঁজে ফিরবে এই প্রশ্নগুলোর উত্তর। আজ খুঁজবে, এমনকি ভবিষ্যতও আরও অনেকদিন খুঁজবে।











