টুপি দেখে খুনি শনাক্ত
ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুমন্ত মা ও ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে পৌরসভার পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী শিশু আলী আহসান মুজাহিদ। ওই নারীর স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। এ ঘটনায় মামলা করা হয়েছে।
সূত্র জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল্লাহ আল শাহেদ ও মঈনুল হাসান শুভ নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাবা মীর হোসেন। ঘটনার পর আবদুল্লাহ আল শাহেদ তার মাথার কালো টুপি ফেলে পালিয়ে যায়। এ টুপির সূত্র ধরেই তাকে গ্রেপ্তারের পর মঈনুল হাসান শুভকে গ্রেপ্তার করা হয়।
নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার জামাই আনোয়ার হোসেনের ভাতিজা আবদুল্লাহ আল শাহেদ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিনি জানান, মঙ্গলবার রাত ৯টায় নিপা ছেলেকে নিয়ে পাশের মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরে প্রবেশ করে নির্মাণাধীন শৌচাগারে লুকিয়ে থাকে। রাতে ঘরে ফিরে মা ও ছেলে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় কাঠের টুকরো দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় চিৎকার শুনে লোকজন এসে তাদের গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক নিপাকে মৃত বলে জানান। আশঙ্কাজনক অবস্থায় শিশু মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুমিল্লার চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অন্যতম অপরাধী শাহেদ পালিয়ে গেলেও আটক করতে সক্ষম হয়েছি। যারা খুনের শিকার হয়েছেন তাদের বাড়ির একটি কক্ষ থেকে একটি কালো টুপি উদ্ধার করা হয়। ওই টুপির সূত্র ধরেই শনাক্ত করা হয় সাহেদকে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অপরাধী স্বীকার করেছে-সে কোথায় কীভাবে এ ঘটনা ঘটিয়েছে। সে একটি বড় কাঠের টুকরো দিয়ে ঘুমন্ত অবস্থায় তাদের মাথা ও মুখের ওপর আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যায় নিপা, পরে তার ছেলে।











