ঈদের আগে রান্নাঘরে যেসব কাজ গুছিয়ে রাখবেন
লাইফস্টাইল ডেস্ক : ঈদে গৃহিণীদের কাজ অনেকটাই বেড়ে যায়। কারণ, এই সময় পশু কোরবানির পর মাংস ধুয়ে সংরক্ষণ করা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত অনেক কিছুই দরকার হয় হাতের কাছে। তাই ঈদুল আজহার প্রস্তুতি নিন এখন থেকেই। চলুন জেনে নেওয়া যাক কী কী প্রয়োজন হতে পারে।
যন্ত্রপাতি গুছিয়ে নিন: পশু জবাই করার জন্য খুঁটিনাটি যন্ত্রপাতি হাতের নাগালে রাখতে হবে। অনেকের বাড়িতেই হয়তো পুরোনো ছুরি, বঁটি বা ইত্যাদি যন্ত্রপাতি থেকে থাকবে। সেগুলো ঈদের আগেই শাণ দিয়ে নিন ও গরম পানিতে ১-২ মিনিট ডুবিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে নিন। এতে জীবাণু আর থাকবে না। আর যাদের যন্ত্রপাতি নেই, তারা ঈদের আগেই কিনে রাখুন।
রান্নার মসলা প্রস্তুত রাখুন: কোরবানির মাংস রাঁধতে প্রয়োজন হয় অনেক মসলার। পেঁয়াজ-রসুন-আদাবাটা থেকে শুরু করে গুঁড়া মসলা যেমন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া ও গরমমসলাসহ যাবতীয় নানা মসলা আগে থেকেই সংরক্ষণ করুন। আর যদি বিরিয়ানি রান্না করতে চান, সে ক্ষেত্রে আরও কিছু মসলা আগের থেকেই গুছিয়ে রাখুন। চাইলে এখন থেকেই গুঁড়া মসলাগুলো প্রস্তুত করে কৌটায় ভরে রাখুন। আর বাটা ও কাটা মসলাগুলো জিপলক ব্যাগ বা কৌটায় ফ্রিজের ডিপে রেখে সংরক্ষণ করুন।
ঈদের বাজার: যেহেতু সময় ঘনিয়ে এসেছে তাই সময় বাঁচাতে এখনই করে রাখুন ঈদের বাজার। সেমাই-চিনি থেকে শুরু করে ঈদের দিন মিষ্টান্ন রান্নার জন্য যাবতীয় পদ তৈরির প্রয়োজনীয় উপকরণ কিনে রাখুন।
মাংস সংরক্ষণের ব্যবস্থা করে রাখুন: কোরবানির মাংস ঘরে আনার পর সব আলাদা করে ভাগ করে রাখুন। যেমন সিনার মাংস, কলিজা, ভুঁড়ি, পায়ের মাংস, মগজ, ইত্যাদি ভাগ করে ফেলতে হবে। ফ্রিজে রাখার আগে ভালো করে মাংস ধুয়ে রাখবেন। ফুড গ্রেডের প্লাস্টিকের ব্যাগেই মাংস রাখা ভালো। এই প্যাকেটগুলো ঈদের আগেই জোগাড় করে রাখুন। যাতে প্রয়োজনের সময় খুঁজতে না হয়। মাংস ছোট ছোট করে প্যাকেট করে রাখুন। প্রতিটি প্যাকেটের গায়ে কোন মাংস তা লিখে রাখলে খুঁজে বের করাও সহজ হবে। অবশ্যই কোরবানির মাংস ৪-৬ মাসের বেশি সংরক্ষণ করবেন না। তাহলে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।











