বায়ু দূষণে আজ ‘মধ্যম’ পর্যায়ে রাজধানী ঢাকা
অনলাইন ডেস্ক : বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ ১৫তম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার সকালে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৯৩। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ বলা হয়।
পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যথাক্রমে ১৬১, ১৬১ ও ১৫৯ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।
০ থেকে ৫০ এর মধ্যে একিউআই স্কোর ‘ভালো’হিসেবে বিবেচিত হয়, তবে ৫০ থেকে ১০০ এর মধ্যে স্কোর থাকলে তাকে ‘মধ্যম’বা ‘গ্রহণযোগ্য’পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ধরা হয় এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।











