ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কাজী সালাউদ্দিনের রিট
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের সব ‘মানহানিকর’ বক্তব্য ও পাবলিক ডোমেইনে থাকা ভুয়া তথ্য অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কাজী সালাউদ্দিনের পক্ষে আইনজীবী সাইফুল্লাহ মামুন এ রিট দায়ের করেন।
আবেদনে কাজী সালাউদ্দিনের মৌলিক অধিকার হিসেবে মর্যাদা ও গোপনীয়তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র সচিব, তথ্য ও সম্প্রচার সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) কেন নির্দেশনা দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে মানহানি ও যে কোনো ভুয়া তথ্য তৈরি এবং প্রচার থেকে বিরত রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিটে স্বরাষ্ট্র সচিব, তথ্য ও সম্প্রচার সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, একাত্তর টিভি, একাত্তর টিভির স্পোর্টস ইনচার্জ এহসান মাহমুদ, যুগান্তরের সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট মোজাম্মেল হক চঞ্চল, একাত্তর টিভির স্পোর্টস জার্নালিস্ট মেহেদী নাইম, গ্লোবাল স্পোর্টসের সমন্বয়ক শাকিল মাহমুদ চৌধুরী, নীলফামারী জেলা ফুটবল অ্যাসোসিয়শনের সভাপতি আরিফ হোসেন মুন, একাত্তর টিভির স্পোর্টস জার্নালিস্ট পার্থ বণিক, একাত্তর টিভির স্পোর্টস জার্নালিস্ট মাহমুদুল হাসান সজিব, একাত্তর টিভির স্পোর্টস জার্নালিস্ট অর্ণব বাপ্পী, একাত্তর টিভির স্পোর্টস জার্নালিস্ট এহতেশাম সবুজ, একাত্তর টিভির স্পোর্টস জার্নালিস্ট মেহেদী হাসান, একাত্তর টিভির স্পোর্টস জার্নালিস্ট ফাহিম হাসান, একাত্তর টিভির স্পোর্টস জার্নালিস্ট রিয়াসাদ আজিম, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন, একাত্তর টিভির স্পোর্টস জার্নালিস্ট কহিনুর কনাকে বিবাদী করা হয়েছে।











