সবুজ সংকেতের অপেক্ষায় বিএনপির সালাহউদ্দিন
অনলাইন ডেস্ক : ট্রাভেল পাস পেয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিভিন্ন গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ তথ্য জানান। তবে এ ক্ষেত্রে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত এখনো মেঘালয় রাজ্য প্রশাসনে পৌঁছায়নি বলে জানা গেছে।
গণমাধ্যমকে বিএনপির এ নেতা জানান, সোমবার রাতে শিলংয়ের বাংলাদেশ কনস্যুলার অফিস থেকে তিনি বাংলাদেশে যাওয়ার টিপি সংগ্রহ করেন।
সালাহউদ্দিন জানান, যেহেতু বিষয়টি রাজনৈতিক এবং আইনি প্রক্রিয়ার মধ্যে চলছে, তাই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ সাউথ ব্লকের ক্লিয়ারেন্স না এলে তার পক্ষে বাংলাদেশে ফেরা কঠিন।
তিনি আশা প্রকাশ করেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে বাংলাদেশে ফেরার অনুমোদন দেবে। আর সেটা পেলে তিনি ভারতের অন্যান্য রাজ্যেও পর্যটক হিসেবে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন।
এতদিন সালাহউদ্দিন শুধুমাত্র মেঘালয় রাজ্যের শিলং শহরে থাকার সুযোগ পেয়েছিলেন। তবে অনুমোদন পেলেও শিগগিরই দেশে ফিরছেন না বলে জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় এ নেতা।
তিনি জানান, শারীরিক অবস্থার কারণে ভারতের রাজধানী দিল্লির বেদান্ত হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। তাই ‘ট্রাভেল পারমিশন’ বা টিপি পেলেও এখনই বাংলাদেশে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার।
কক্সবাজার-১ আসনের সাবেক এই সংসদ সদস্য জানান, পাঁচ বছর তিনি শিলংয়ের বাইরে যেতে পারেননি। এ কারণে চিকিৎসার ফলোআপ করাতে পারেননি। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কোথাও যেতে পারেননি। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে সেখানে তার কিডনি ও ঘাড়ের দুটি অপারেশন হয়। তারও আগে বাংলাদেশে তার হার্টে তিনটি রিং বাসানো হয়। এর বাইরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। সবকিছুর ফলোআপ করাতে চান বিএনপির এই নেতা।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ।
একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। কিন্তু ওই মামলায় তিনি বেকসুর খালাস পাওয়ার পর সরকার পক্ষ আপিল করে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এ মামলায় তিনি শিলং জজ কোর্ট থেকে খালাস পান। এ কারণে তার দেশে আসায় কোনো বাধা নেই।
পাসপোর্ট না থাকায় সালাহউদ্দিন আহমেদ পরে দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গোহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে আবেদন করেন।











