ঘণ্টা ব্যাপী বৃষ্টিতে রাজধানীতে হাঁটু পানি
নিজস্ব প্রতিনিধি : রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘে ঢাকা। এরপর সকাল পৌনে ১১টার পর শুরু হয় ঝুম বৃষ্টি। মাঝে মাঝে বজ্রপাতও হয়। বৃষ্টিতে পুরো ঢাকা শীতল হয়। স্বস্তি আসে নাগরিক জীবনে। মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই ডুবল ঢাকা। কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানি জমে যায়। প্রধান প্রধান সড়কেও পানি জমে যাওয়ায় অনেক সিএনজি, মোটরসাইকেল অকেজো হয়ে পড়ে। এতে কয়েকটি সড়কে যানজট সৃষ্টি হয়।
আবহাওয়া অফিসের তথ্যমতে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন।
তবে সকালের বৃষ্টির স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আধাঘণ্টা থেকে এক ঘণ্টার মতো বৃষ্টিতেই হাঁটুজলে ডুবে যায় সড়ক থেকে গলির পথ। বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এতে বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ে।
বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আনসারক্যাম্পসহ আশপাশের এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
শারমিন আক্তার নামের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন,পানি-নিষ্কাশনের উন্নত ব্যবস্থা না থাকায় স্বল্প সময়ের বৃষ্টিতে শহরের এ বেহাল দশা। বৃষ্টির পানি নিষ্কাশনের ক্ষেত্রগুলো ভরাট হয়ে গেছে। শহরের অধিকাংশ খাল মরে গেছে, পুকুর, ডোবা ও জলাশয় দখল হয়ে গেছে। যে কটি এখনো টিকে আছে, সেগুলোয় ময়লা-আবর্জনার স্তূপ জমে গেছে। ফলে বৃষ্টির পানি সরতে পারছে না। এতে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এছাড়া পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলগলিতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়।
পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, জলাবদ্ধতার কারণে নোংরা পানিতে শরীর ও কাপড় ভিজে গেছে। এছাড়া নোংরা পানিতে ভিজে অফিসে গিয়েও চরম অস্বস্তিতে থাকতে হয়।











