ফখরুলের কথায় গাইলেন সালমা
বিনোদন প্রতিবেদক : ক্লোজআপ তারকা’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী সালমা তার ভক্ত-অনুরাগীদের জন্য নিয়ে এলেন নতুন আরও একটি গান। শিরোনাম ‘ব্যথারই বকুল’। এর কথা লিখেছেন কবি ও গীতিকার ফখরুল হাসান। আর সুর-সংগীত করেছেন রোহান রাজ।
‘তুমি আমার একজীবনে ব্যথারই বকুল/ তোমার আমার প্রেমে ছিল, মস্ত বড় ভুল।’ চমৎকার কথা ও সুরের এই গানটি গত ৩ জুন প্রকাশ হয়েছে লায়নিক মিউজিকের ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে গীতিকার ফখরুল হাসান বলেন, ‘সালমার কণ্ঠ ও গায়কি আমার বেশ ভালো লাগে। তার জন্য একটি গান লেখা আমার অনেকদিনের স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্ন সত্যি হলো। গানটি সে অসাধারণ গেয়েছেন। আশা করি, এটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
সালমা বলেন, ‘গানের কথা ও সুর আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি, আমার অন্যান্য গানের মতো এটিও শ্রোতাদের ভালো লাগবে।’











