তিন শর্তে অনুমতি পেয়েছে জামায়াত
অনলাইন ডেস্ক : এক দশকেরও বেশি সময় পরে পুলিশের অনুমতি নিয়ে ঢাকায় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। আজ শনিবার রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিএমপির পক্ষ থেকে মৌখিকভাবে সমাবেশের অনুমতি পায় দলটি।
ডিএমপি পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, তিন শর্তে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। প্রথমত, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। দ্বিতীয়ত, যানজট সৃষ্টি করা যাবে না এবং মিলনায়তনের ভেতরেই সমাবেশ করতে হবে।
এদিকে জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রয়েছে ঢাকা মহানগর পুলিশ। এই সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি যেন না হয় সেই উদ্দেশ্যে সমাবেশস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে এবং বাইরে থানা-পুলিশের পাশাপাশি রিজার্ভ পুলিশ সদস্যরাও মোতায়েন থাকবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সমাবেশ করছে।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ আমাদের সময়কে বলেন, এর আগে জামায়াতে ইসলামী ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সর্বশেষ সমাবেশ করেছিল। তারপর সরকার তাদের সভা-সমাবেশ করার অনুমতি দেয়নি।











