বৃষ্টিতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
নিউজ ডেস্ক : দুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তীব্র গরমে বিদ্যুৎ সংকটে জনজীবন যখন বিপর্যস্ত, তখন এ বৃষ্টি বুলিয়ে দিচ্ছে প্রশান্তির প্রলেপ। কিন্তু উদ্বেগের বিষয় এই যে, বৃষ্টির কারণেই চলমান ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে মনে করছেন কীটতত্ত্ববিদসহ সংশ্লিষ্ট সবাই। এ নিয়ে শঙ্কিত স্থানীয় সরকারসহ স্বাস্থ্যসেবা প্রদানকারী সরকারি সব প্রতিষ্ঠান।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর মৌসুম অক্টোবর-নভেম্বর হলেও এবার তা বছরের শুরুতে আঘাত হেনেছে। আক্রান্তের পাশাপাশি প্রাণহানিও ঘটছে উল্লেখযোগ্য হারে। গত বছরের এ সময়ে যত রোগী শনাক্ত হয়েছিল, চলতি বছর শনাক্ত হয়েছে তার প্রায় ছয়গুণ। ২০২২ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হলেও প্রথম ছয় মাসে মারা যায় মাত্র একজন। আর চলতি বছর প্রকোপ দেখা দেওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার আগেই মৃত্যু হয়েছে ২১ জনের। ফলে এ বছর আক্রান্তে ও মৃত্যুতে নতুন রেকর্ড হতে পারে বলে শঙ্কিত সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
জনস্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদেরা বলছেন, মুষলধারে বৃষ্টি না হলে ডেঙ্গু পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে। তাই প্রতিটি এলাকায় জোর সচেতনতামূলক কার্যক্রম চালানো জরুরি। কারণ এ সময়ে বাসা-বাড়ি ও নির্মিত ভবনের আশপাশে পানি জমে থাকে, যা থেকে এডিস মশার জন্ম হয়। এর পাশাপাশি প্রাণহানি ঠেকাতে হাসপাতালগুলোতে ফ্লুয়েড ব্যবস্থাপনায় আরও জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২২ সালে বছরের প্রথম থেকেই ডেঙ্গু রোগী পাওয়া গেলেও জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত তা ৫শর ঘরে ছিল। ওই বছরের ৯ জুন পর্যন্ত ৫১০ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কেউ মারা যায়নি। এর পরও পরবর্তী ছয় মাসে সর্বোচ্চ বিস্তার ঘটে ভাইরাসটির। বছর শেষে প্রাণহানি ৩শর কাছাকাছি গিয়ে পৌঁছায়।
অন্যদিকে চলতি বছর গতকাল শুক্রবার পর্যন্ত ২ হাজার ৩৩৪ ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০২২ সালের একই সময়ের তুলনায় এটি প্রায় ছয়গুণ বেশি। এ বছর সরকারি হিসাবেই ডেঙ্গু কেড়ে নিয়েছে ২১ জনের প্রাণ। বেসরকারি হাসপাতালগুলোর অধিকাংশ তথ্যই এ হিসাবের বাইরে। ফলে আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সময় যত গড়াচ্ছে ডেঙ্গুর চরিত্র ততই দ্রুত পরিবর্তন হচ্ছে। এ পর্যন্ত ৩৩ জেলায় ছড়িয়েছে মশাবাহিত ভাইরাসটি। গত মাসে ডেঙ্গুতে দেশে ২ জনের মৃত্যু হয়, আক্রান্ত হয় ১ হাজার ৩৬ জন। অথচ চলতি মাসের প্রথম ৯ দিনেই মৃত্যু হয়েছে ৮ জনের। আক্রান্ত হয়েছেন ৮৪৩ জন। মাস শেষে আক্রান্তের সংখ্যা তিন থেকে চার হাজারে গিয়ে ঠেকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, মুষলধারে বৃষ্টি হলে মশার ডিমও ধুয়ে যায়। কিন্তু থেমে থেমে বৃষ্টি, রোদ হলে প্রজনন বাড়ে। ফলে মশা বেশি হলে রোগীও বাড়বে। চিকিৎসার ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি নেই। কিন্তু মশা মারার বিকল্প নেই। যারা এই দায়িত্বে আছেন, তাদের এ বিষয়ে আরও জোর দিতে হবে।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালে একই ফ্লুয়েড গাইডলাইন। রোগীদের ওপর ভিত্তি করে এটি যুগোপযোগী করা হয়েছে। তবে রোগীর স্বার্থে প্রয়োজন হলে স্যালাইন দিতে হবে। কিন্তু মূল চিকিৎসায় অবশ্যই গাইডলাইন মেনে চলতে হবে। আমাদেরও সচেতন হতে হবে। বাসা-বাড়ির ছাদসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো পরিষ্কার করতে হবে। কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
এদিকে রাজধানীতে ডেঙ্গুর বেশি বিস্তার ঘটছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। বিশেষ করে সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচরে। সচেতনতামূলক নানা কার্যক্রম চালিয়েও এসব এলাকার অনেক বাসা-বাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না।
হাসপাতালে ভর্তি রোগীদের বড় একটি অংশ এসব এলাকার। এমতাবস্থায় যে সব এলাকায় প্রকোপ বেশি, সে সব এলাকায় ব্যবস্থা নিতে আগামী সপ্তাহে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, বছরের শুরুতেই যে ডেঙ্গুর প্রকোপ শুরু হবে, সেটি ধরতে পেরেই আমরা জানুয়ারি থেকে নানা কার্যক্রম চালিয়ে আসছি। তবে ডেঙ্গুতে এবার শুধু বাংলাদেশই নয়, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ এশিয়ার আরও অনেক দেশেরই নাজুক পরিস্থিতি। শুরু থেকেই ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে বৈঠক করা, লিফলেট বিতরণ, এমনকি মসজিদের খুতবায় পর্যন্ত সচেতনতা কার্যক্রম চলছে। এখনো এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি মশা নিধন কার্যক্রমও চলছে।
তিনি বলেন, ‘বৃষ্টি অবশ্যই খারাপ বার্তা। এতে করে পরিস্থিতি আরও খারাপ হয়। এবারও সেই শঙ্কা জাগছে। এটি মেনে নিয়েই আমাদের কাজ করতে হবে। এ ক্ষেত্রে জনসাধারণকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। কারণ বাসা-বাড়ির ছাদে, ঘরের কোনায় জমে থাকা পানিতে মশার জন্ম হয়। সিটি করপোরেশনের পক্ষে প্রত্যেকের বাড়িতে গিয়ে তো আর মশা মারা সম্ভব নয়। এত দিন আমরা মানুষকে অনুরোধ করেছি। এবার অ্যাকশনে যাচ্ছি। আগামী সপ্তাহ থেকে যেখানে বিস্তার বেশি সেখানে ভ্রাম্যমাণ আদালত চালানো হবে।
২০১৯ সালে সর্বাধিক ডেঙ্গু রোগী দেখেছে বাংলাদেশ। সরকারি হিসাবেই তা ছিল লক্ষাধিক। প্রাণহানিও ছিল ২শর কাছাকাছি। সে সময় ‘উলভাকিয়া’ নামের বিশেষ ব্যাকটেরিয়াযুক্ত এডিস মশা কেনার উদ্যোগ নেয় স্থানীয় সরকার। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়। চীন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ অন্তত ১৭টি দেশে এ প্রকল্প চালানো হয়। কয়েকটি দেশে সফলতাও মেলে। তবে এটি সন্তোষজনক নয়, জানিয়ে এ উদ্যোগ প্রত্যাখ্যান করে সিটি করপোরেশন। বিষয়টি নিয়ে কথা হলে ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা বলেন, মশা কেনার উদ্যোগ স্থানীয় সরকার নিয়েছিল। কিন্তু এটা ঢাকা শহরের জন্য যথোপযুক্ত নয়। ইন্দোনেশিয়াসহ যে কটি দেশে এটির প্রয়োগ হয়েছে তাতে ফল সন্তোষজনক নয়। আর বাংলাদেশের মতো অত্যন্ত জনবহুল দেশে এটি কতটা ফল দেবে তা প্রশ্নবিদ্ধ। তাই আমাদের পক্ষ থেকে এ উদ্যোগকে না করা হয়েছে।
বৃষ্টির ফলে ডেঙ্গু কোন পর্যায়ে যেতে পারে? জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, ‘বাংলাদেশের ডেঙ্গুর মৌসুম আগস্ট থেকে নভেম্বর। কিন্তু বছরের শুরু থেকে আমরা দেখছি বেড়েই চলেছে। বৃষ্টির ফলে এডিস মশার প্রজননের সঙ্গে রোগীও বাড়বে। এ জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকে এখন সর্বোচ্চ জোর দিতে হবে। যেসব জায়গায় প্রজনন হতে পারে, বিশেষ করে বৃষ্টি হলে যেখানে পানি জমে থাকে, সেগুলো পরিষ্কার করাসহ এডিসের প্রজননস্থল ধ্বংস করার কার্যক্রম চালাতে হবে।’
তিনি বলেন, যে পরিমাণ বৃষ্টি হলে ডেঙ্গু নিধন হবে, তেমন বৃষ্টি হয় না। ফলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে নিশ্চিত। এবার যে অবস্থা চলছে, তা নিয়ন্ত্রণ করতে না পারলে গত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে, উদ্বেগের সঙ্গে বলেন এ অধ্যাপক।











